বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত এমবিবিএস শিক্ষার্থীরা

পলিরানী দেবনাথ॥ বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন ঢাকা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ থেকে আগত এমবিবিএস শিক্ষার্থীরা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: এ এম মোসলেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৯০ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার ১৮ ডিসেম্বর বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন।
এ উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ মাহবুব।
এসময় তিনি বলেন, ঢাকা উত্তরা আধুনিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি টিম আমাদের মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন। তারা বিভিন্ন ইউনিট যেমন রেটিনা ইউনিটি, শিশু চক্ষু বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। পাশাপাশি আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: এ এম মোসলে উদ্দিন আহমেদ, এসোসিয়েট প্রফেসর ডা: নাইমুল হাসান, রেডিও পল্লী কণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান প্রমুখ। সভায় বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম সম্পর্কিত ভিডিও তথ্য চিত্র প্রদর্শন করেন দেওয়ান রুহুল আমিন চৌধুরী।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: এ এম মোসলে উদ্দিন আহমেদ বলেন, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সেবা সম্পর্কে শিক্ষার্থীদের জানান দেয়া। আমরা শ্রীমঙ্গলসহ সিলেট বিভাগীয় শহরে আরোও বেশ কিছু হাসপাতাল পরিদর্শন করবো।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সাকিব মোদাচ্ছের নীল বলেন, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা সফরের একটি অংশ। মৌলভীবাজারের এই চক্ষু হাসপাতালটির চিকিৎসা সেবা এবং অন্যান্য প্রযুক্তি আমাদের নিকট যথেষ্ট উন্নত মনে হয়েছে। এছাড়াও হাসপাতালটি স¦ল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে বলেও আমরা জেনেছি।
কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী তাজিন পারভিন হিয়া বলেন, মৌলভীবাজারের চক্ষু হাসপাতালটির চিকিৎসা সেবার পাশাপাশি তাদের রোগীদের প্রতি আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
উল্লেখ্য, যে বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা: রাজিব, ডা: সাজেদা, ডা: শাহিন এবং ডা: মালিহার নেতৃত্বে আগত শিক্ষার্থীরা চারটি দলে বিভক্ত হয়ে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।



মন্তব্য করুন