ডিবি ও পুলিশের অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার॥ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে।
শনিবার ১ এপ্রিল রাতে আপার কাগাবালা ইউনিয়নের বীরগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে তাস, নগদ টাকা জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের বীরগাঁও গ্রামের একটি পরিত্যক্ত টিনের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আব্দুল শহীদ (৫০), মতান মিয়া (৫৮), মিজান মিয়া (২৫) ও সমীরণ নমসুত্র (৩৫) নামে ৪ জনকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে ১০৪ টি তাস ও নগদ ২ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, আপার কাগাবালা ইউনিয়নের বীরগাঁও গ্রামের খুরশেদা বেগমের প্রহরায় তার মালিকানাধীন পরিত্যক্ত টিনের ঘরে দীর্ঘদিন যাবত টাকার বিনিময়ে তাস খেলা চলছে। এবং পলাতক খুরশেদা বেগমের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে অপর অভিযানে শনিবার বিকেলে কমলগঞ্জ থানা পুলিে অভিযানে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকায় জুয়ার আসর থেকে আব্দুর রহমান (৫৭), খলকু মিয়া (৪৭) নামে দুজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মধ্যভাগ এলাকার আব্দুল হাই ওরফে কালাবনের টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল হাই কালাবন (৩৬) ও আমান উল্লাহ (৪৫) সহ অজ্ঞাত ৩-৪ জন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন রংয়ের ৫২ টি তাস এবং নগদ ১ হাজার ২৬০ টাকা জব্দ করে।



মন্তব্য করুন