পুলিশের সহায়তায় মানসিক ভারসাম্যহীন কিশোরী ফিরে পেল পরিবার

April 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানার সহায়তায় মানসিক ভারসাম্যহীন কিশোরী খোঁজে পেল তার পরিবারকে।

রোববার ১৬ এপ্রিল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী মানসিক ভারসাম্যহীন কিশোরীকে তার পরিবারের হাতে হস্তান্তর করেন।

মডেল থানা সূত্রে জানা যায়, রোববার রাতে মৌলভীবাজার শহরে ভারসাম্যহীন কিশোরী মেয়েটি একা একা ঘুরাফেরা করছিল। এসময় স্থানীয় লোকজনের নজরে পড়ে। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে আসেন।

থানায় মেয়েটিকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। মেয়েটি তার নাম ঠিকানা সঠিক বলতে পারেনি। পরে মেয়েটির পরিচয় শনাক্তে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে মেয়েটির ছবিসহ একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্ট দেখে কিশোরী মেয়েটির পরিবার মডেল থানায় যোগাযোগ করেন।

মেয়েটির নাম খাদিজা আক্তার। তার বয়স ১৬ বছর বলে তার পরিবার জানায়। সে মানসিক ভারসাম্যহীন। কোনো এক সময় পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে মৌলভীবাজারে চলে আসে। সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আতকাপাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে। মেয়েটিকে খোঁজে পেয়ে তার পরিবার জেলা পুলিশ ও মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com