ট্রেড ইউনিয়ন সংঘের সভা, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মতো মজুরি ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি

April 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ ১৩৮ মহান মে দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা থেকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মতো মজুরি, সর্বজনীন রেশনিং চালু, শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘট করার অধিকার হরণের পাঁয়তারা বন্ধ, শ্রমআইন ও শ্রম বিধিমালার শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি সমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।

শুক্রবার ২৮ এপ্রিল সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল। জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য  রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, স’মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মতিউর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন চাল, ডাল, তেল, চিনি, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন জর্জরিত। নিত্যপণ্যের সাথে সাথে জ্বালানি তেল, সার, পরিবহণ ভাড়া বৃদ্ধি, ঔষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তার উপর আবারও গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা চলছে। জনজীবনের সমস্যাকে উপেক্ষা সরকার প্রভু সাম্রাজ্যবাদের আর্শীবাদ নিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে দেশে বিদেশে তৎপরতা চালাচ্ছে, অন্যদিকে সাম্রাজ্যবাদের দালাল বিরোধীদলও যেন তেন উপায়ে ক্ষমতায় যেতে তৎপর।

নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এ যাবত অধিষ্টিত সকল সরকারই হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল সামন্ত আমলা মুৎসুদ্দি শ্রেণির স্বার্থরক্ষাকারী সরকার। তারা কখনোই জনগণের কথা ভাববে না এটাই স্বাভাবিক। তাই জনগণের স্বার্থরক্ষাকারী রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজি বিরোধী শ্রমিক-কৃষক জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে বিকল্প নেই।

বর্ধিত সভায় বক্তারা সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ বাতিলের দাবি জানিয়ে বলে চলমান বৈশ্বিক মন্দা তীব্রতর হয়ে বিশ্বের দেশে দেশে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, বেকারত্বের কষাঘাতে অতিষ্ঠ হয়ে বাচাঁর দাবিতে আন্দোলন-সংগ্রাম, ধর্মঘট-সাধারণ ধর্মঘট পালন করে চলেছে। মন্দার মূল কারণ বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতি, জাতিসংঘের এমডিজির’র ধারাবাহিকতায় এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় সাম্রাজ্যবাদী একচেটিয়া পুঁজির নির্মম শোষণ-লুন্ঠন অব্যাহত রাখার লক্ষ্যে শ্রমিক শ্রেণি ও জনগণের আন্দোলর-সংগ্রামকে নিয়ন্ত্রণ-দমন করার জন্য সাম্রাজ্যবাদী দেশগুলোতে ফ্যাসিবাদ কায়েম করে।

এবং নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী দেশগুলো স্বৈরতন্ত্র তীব্রতর করে প্রচলিত অকার্যকর পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থাকে টিকিয়ে রাখার অংশ হচ্ছে সরকারের নিবর্তনমূলক বিভিন্ন কালাকানুন।

বিদ্যমান কালাকানুনের ধারাবাহিতায় ডিজিটাল নিরাপত্তা আইন, অত্যাবশকীয় পরিষেবা বিল-২০২৩  ইত্যাদি পদক্ষেপ সামনে আনা হচ্ছে। তাই বিশ্বের দেশে দেশে শ্রমিক শ্রেণি ও জনগণের আন্দোলনের সাথে আমাদের দেশের শ্রমিক শ্রেণির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা জরুরি। শ্রমিক শ্রেণির এই কর্তব্যকে সামনে রেখেই ১৩৮-তম মহান মে দিবস পালন করতে হবে।

মহান মে দিবস উপলক্ষে ১ মে সকাল ১০ টায় পৌর মিলনায়তনে জমায়েত হয়ে বর্ণাঢ্য লাল পতাকার র‌্যালী ও আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও ট্রেড ইউনিয়ন সংঘের বিভিন্ন বেসিক ইউনিয়নের উদ্যোগে ১ মে, কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ীতে যথাযোগ্য মর্যদার সাথে মহান মে দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভা থেকে বর্তমান বাজারদের সাথে সংগতিপূর্ণভাবে মজুরি ঘোষণা, অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিল, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ করে নিবন্ধন প্রদান, চা-শ্রমিকদের পূর্ণ বকেয়া প্রদানসহ  ন্যায়সঙ্গত বাচাঁর মত মজুরিনির্ধারণ, হোটেল-রেস্টুরেন্ট, নৌযানসহ সকল ধরনের পরিরহন, স’মিল, হকার, দিনমজুর, দর্জি, নির্মাণসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের কাজ, খাদ্য, চিকিৎসার নিশ্চয়তা ও পূর্ণাঙ্গ রেশনিং চালুর দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com