প্রতিদিনই বিকট শব্দ ও উচ্চ হর্ণে মোটরসাইকেল মহড়া, শহর জুড়ে আতঙ্ক, টিনেজরা কারা?

মু. ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার শহরের নতুন আতঙ্ক একদল টিনেজদের মোটরসাইকেল মহড়া। হঠাৎ করে প্রতিনিয়তই ওদের এমন অদ্ভুদ আচরণে চরম দূর্ভোগ ও দুশ্চিন্তায় শহরের ব্যবসায়, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
ওই টিনেজরা কারা। তাদের উদ্দেশ্য কি। কেনো প্রতিদিনই গ্রুপ হয়ে ঘটা করে তারা মোটরসাইকেল মহড়া দিয়ে শহরের নাগরিক ও পথচারীদের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করছেন। শহরে বাসিন্দারা কি নতুন করে ভয়াবহ কিশোর গ্যাং এর খপ্পরে পড়ছেন। এটা কি তাদের আর্বিভাবের জানান
গেল কয়েক দিন থেকে ওদের নিয়ে শহর জুড়ে চলছে এমন নানা আলোচনা। পাশাপাশি প্রকাশ্যে ওদের এমন দৃশ্যমান দাপটের নেপথ্যে কোনো দলীয় পরিচয় আছে কি না। বা কোনো নেতার ছত্রছায়ায় ওরা এমন দাঁপিয়ে বেড়াচ্ছে কি না।
তারও চলছে চুলচেরা বিশ্লেষণ। জেলা শহরের প্রধান সড়কের একাধিক স্পটে ট্রাফিক পুলিশের টহল থাকলেও ওরা নির্বিঘ্নে ওই স্থানগুলো পাড়ি দিচ্ছে। এনিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়াও দেখা দিচ্ছে।
জানা যায় গেল প্রায় ১০-১২ দিন থেকে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম প্রধান সড়কগুলোতে নিয়ম করে উঠতি বয়সি একদল কিশোর গ্রুপ করে মোটরসাইকেল মহড়া দিচ্ছে। এখন প্রতিদিনই বিকেলে (৩-৫ টার দিকে) এমন দৃশ্যই চোখে পড়ে।
৪০-৫০ টি মোটরবাইকের প্রতিটিতে ২-৩ জন করে বসা থাকেন। কারো মাথায় নেই হেলমেট। এলোপাতাড়িভাবে দ্রুত গতিতে চালানো মোটরসাইকেলগুলোর সাইলেন সারের বিকট শব্দ আর অবিরাম হরণ কান ফেটে যাওয়ার উপক্রম।
অনেক দূর থেকেও সাইলেন সারের এই বিদভুটে বিকট আওয়াজ ও উচ্চ হরণ সহজেই কানে পৌঁছাচ্ছে যে কারো। ওদের অধিকাংশ মোটরসাইকেলের নেই নাম্বার প্লেইটও।
তাদের এমন অদ্ভুদ আচরণে শিশু, বয়স্ক ও অসুস্থ লোকজন ভয় ও চরম দূর্ভোগ পোহাচ্ছেন। হাসপাতালে চিকিৎসারত রোগীরা,বাসা বাড়িতে বিশ্রামে থাকা বয়স্ক লোকজন ও শিশুরা চরম বিরক্ত ও অস্বস্থি বোধ করছেন।
জানা যায় গেল কয়েক সপ্তাহ আগে হঠাৎ করে শহরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর সামনে বখাটে টিনেজদের ইভটিজিংসহ নানা উৎপাত বাড়লে জেলা ও উপজেলা প্রশাসনের জেল,জরিমানায় তা অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
কিন্তু হঠাৎ করে এখন শহর জুড়ে টিনেজদের এমন বেপরোয়া মোটরসাইকেল মহড়ায় নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে স্থানীয় বাসিন্দাদের।
প্রায় বছর খানেক আগে শহরের বেরিপাড় এলাকায় কিশোর গ্যাং দুই গ্রুপের মারামারিতে গুরুত আহত হয়েছিল অত্যন্ত ছয়জন।
বেরিচর এলাকায় টিকটক ভিডিও নিয়ে কিশোর গ্যাং এর সদস্যরা একজনকে নির্যাতন করে গুরুতর আহত করে। ওই ঘটনাগুলোর পর প্রশাসন কিশোর গ্যাং এর বিরুদ্ধে তৎপর হলে ওরা আড়ালে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান শহরের অনেক এলাকায় এখন উঠতি বয়সী একদল কিশোর প্রায়ই দলবেধেঁ টিকটক ভিডিও তৈরি, একই সাথে সিগারেট খাওয়া, বাজি ধরে নিষিদ্ধ গেইম খেলা, মোটরসাইকেলে মহড়া দেওয়া, রাতের বেলায় প্রাইভেট কার ও মোটরসাইকেল বিকট শব্দে ও উচ্চ হরণে দ্রুত গতিতে চালানো, একসাথে বসে নানা খারাপ ভিডিও দেখা, তুচ্ছ ঘটনায় দলবেঁধে মারামারির ঘটনা বেড়ে চলেছে।
বিশেষ করে শহরের শহমোস্তফা রোড, কলেজ রোড, পৌরসভার সামন, কোট রোড, শমসেরনগর রোড, বড় হাট এলাকার হাবিব হেলথ কেয়ার হাসপাতালের আশপাশ,কসুমভাগ এলাকা, হাফিজা খাতুন ও শিশু প্রাথমিক বিদ্যালয় এলাকা, বেরিপাড় ও বেরিরচর এলাকা, পুরাতন হাসপাতাল রোড, সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা, সদর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতাল এলাকার আশপাশসহ শহরের নানা পাড়া মহল্লার অলিগলিতে এখন তাদের বেপরোয়া অবস্থান। দ্রুত ওদের বিরুদ্ধে প্রদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছেন পৌর নাগরিক ও সচেতন মহল।
এবিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান জানান এখন প্রায়দিনই শহরের একদল উঠতি বয়সীদের মোটরসাইকেল মহড়া দিতে দেখা যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক ও দু:খজনক।
এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছি। এরই সাথে অভিভাবকদের সচেতনতা আশা করছি।
আপনার ছেলে মোটরবাইক নিয়ে কোথায় যাচ্ছে। কাদের সাথে মিশছে। এই বিষয়টি গুরুত্ব দিতে অভিভাবদের প্রতি আহবান জানান।
জেলা (বিদায়ী) পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন বিষয়টি দু:খজনক। কেনো হঠাৎ করে নতুনভাবে ওদের এমন উৎপাত তা খতিয়ে দেখে দ্রুত আইননানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবক ও পৌরনাগরিকদের এবিষয়ে আরও সচেতন ভূমিকা প্রত্যাশা করেন।



মন্তব্য করুন