কুশিয়ারা নদীতে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের ঢল

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করতে নদীর দুই পাড়ে সমাগম ঘটে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের।
বুধবার ২৬ জুলাই বিকেলে দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনি ও বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে কুশিয়ারা নদী তীরের মানুষের মধ্যে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে।
শেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। মৌলভীবাজার জেলার শেরপুরের হামরকোনা যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৭ টি নৌকা অংশ নেয়। এর মধ্যে ৪টি নৌকাকে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ীদের ফ্রিজ, টিভি ও টেবিল ফ্যান পুরষ্কার দেয়া হয়।
প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অলিউর রহমান, কোষাধক্ষ উৎপল ভৌমিক। খালেদ আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কর্নেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জুয়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সোয়েব খাঁ, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ তপু প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগীতা দুপুর ২টা থেকে শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলে।



মন্তব্য করুন