কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চু/রি, চিহ্নিত চোর হাতেনাতে আ/ট/ক

March 25, 2026,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর পান পুঞ্জিতে আবারও পান চুরির ঘটনা ঘটেছে।

২২ মার্চ রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পানের বাগান থেকে চুরির সময় মাসুক মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা ও পাহারাদাররা। অভিযুক্ত মাসুক মিয়া ওই এলাকার একজন চিহ্নিত চোর হিসেবে পরিচিত।

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গুর পান পুঞ্জির বাসিন্দা বিনেট মানারের পানের বাগান থেকে পান চুরি করার সময় মাসুক মিয়াকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৫ কান্তা (২১৬০ পিস) পান এবং ৪২ ফুট বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩,৮০০/ টাকা।

আটকের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে কুলাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আটকের সময় ধস্তাধস্তিতে মাসুক মিয়া সামান্য আহত হওয়ায় পুলিশ তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

ভুক্তভোগী বিনেট মানার জানান, মাসুক মিয়া এলাকার একজন পেশাদার চোর। ইতিপূর্বেও ২০২৪ সালে একই ব্যক্তির বিরুদ্ধে বৈদ্যুতিক তার, পানির পাম্প, মটর, ও পাইপ চুরির দায়ে মামলা করা হয়েছিল। পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় পুঞ্জিবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার ২২ মার্চ এ বিষয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই চুরির ঘটনার পর থেকে স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের সদস্য কুটলি ধার বলেন “আমরা এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার চাই। বারবার একই ব্যক্তি আমাদের সম্পদ চুরি ক্ষতি করছে আমরা পানের বাগান ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা বলেন, আদালতের মাধ্যমে মাসুক মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com