নারী শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার সবসময় কাজ করেছে-কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি

May 13, 2026,

মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, বিএনপি সরকার মানেই উন্নয়ন। বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই মানুষের জন্য উন্নয়ন করেছে। গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী শিক্ষার উন্নয়ন শুরু করা হয়েছিল। বর্তমানে সেই আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। নারীর ক্ষমতায়নে বিএনপি সরকার সবসময় কাজ করেছে।

বুধবার ১৩ মে দুপুরে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে অবস্থিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, নারীদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেয়েদের স্কুলে ইউনিফর্ম প্রদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষায় বিভিন্ন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ বিএনপি সরকারের সময় বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কুলাউড়ার দায়িত্ব কেউ সঠিকভাবে পালন করেননি। পাশ্ববর্তী উপজেলাগুলোতে নির্বাচিত

এমপিরা তাদের এলাকায় অনেক উন্নয়ন করলেও কুলাউড়ায় বিগত দিনের এমপিরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেন নি। যারকারণে উন্নয়ন বঞ্চিত ছিল কুলাউড়া। দীর্ঘদিনের জমানো সকল দায়িত্ব এখন আমার উপরে এসে পড়েছে। আমি বিশ্বাস করি, বর্তমান

বিএনপি সরকারের মাধ্যমে আগামী পাঁচ বছরে কুলাউড়ার জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সেক্টরে ৮০-৯০ ভাগ কাজ শেষ করা হবে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হবে। ইতিমধ্যে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজসহ ৯৩টি স্কুল, কলেজ, মাদ্রাসায় ভবনের জন্য ডিও লেটার সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। আশা করছি কয়েক মাসের মধ্যে পাইকপাড়া এম আহাদ কলেজে চারতলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে কলেজের সীমানা প্রাচীর তৈরি, বিজ্ঞান শাখা চালুসহ সকল অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে। তিনি আরো বলেন, উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল মানুষের কল্যাণে সমানভাবে কাজ করা হবে। এসব কাজে কোন বৈষম্য করা হবেনা।

পাইকপাড়া এম এ আহাদ কলেজের সভাপতি মেজর (অব:) মো. নুরুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মো. আলাউদ্দিন কবিরের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: আতাউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন, অত্র কলেজের অধ্যক্ষ মো. হানিফ, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল উদ্দিন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমেদ, কলেজ নির্বাহী কমিটির সদস্য হাজী শামসুল হক, মো. ছয়ফুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা দলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ পান্না, বর্তমান সহ-সভাপতি রাজা মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জামান আকরার, উপজেলা জাসাসের সদস্য সচিব মো. সালমান হোসাইন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাছুম আহমদ সুমন প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে শওকতুল ইসলাম এমপিকে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের শিক্ষকসহ কমিটির নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com