টানা ভারিবর্ষণ ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওরে পানি বৃদ্ধি, বড়লেখার চার ইউনিয়নে বন্যার আশংকা

May 25, 2026,

আব্দুর রব : টানা তিনদিনের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরে ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে পানি| হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলার চার ইউনিয়নে বন্যার আশংকা দেখা দিয়েছে| ইতিমধ্যে এই ৪ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে| অনেকের ঘরবাড়িতে প্রবেশ করেছে বন্যার পানি, তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট এবং শতাধিক হেক্টর জমির আউশে বীজতলা ও সদ্য রোপিত আউশ ধান| বৃষ্টি না থামলে বন্যার অবনতির আশংকা রয়েছে|

জানা গেছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়| উজানের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানি বিভিন্ন নদী, ছড়া ও খাল দিয়ে হাকালুকি হাওরে পতিত হলে ক্রমেই হাকালুকিতে বাড়তে থাকে পানি| এতে হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলার বর্নি, তালিমপুর, সুজানগর ও দাসেরবাজার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়| বন্যার পানিতে তলিয়ে গেছে চার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ রাস্তা| অনেকের বসতঘরে পানি না ঢুকলেও উঠোন তলিয়ে বারান্দা ছুঁই ছুঁই করছে| বৃষ্টি না থামলে হাকালুকি হাওড়পাড়ের চার ইউনিয়নের এক/দেড় হাজার পরিবার পানিবন্দী হওয়ার আশংকা রয়েছে| সরেজিমেন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা বিষন্নমনে আউশের বীজতলা ও সদ্য রোপনকৃত তলিয়ে যাওয়া খেত দেখছেন|

কৃষকরা জানান, ধারদেনা করে জমি চাষ ও শ্রমিক দিয়ে চারা রোপন করেন| অনেক টাকা ব্যয় করে ধান লাগিয়েছিলেন| দুই/তিন দিন ধরে তাদের শ্রমের-কষ্টের ও অর্থের ফসল পানির নিচে রয়েছে| পানি কমার কোনো লক্ষণ নেই| ফসল না হলে কী খাবেন এই চিন্তায় কোনো দিশা পাচ্ছেন না|

বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও তালিমপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান জানান, তাদের ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে| রাস্তাঘাটেও পানি উঠেছে| তবে এখনও মানুষের বড় কোনো ক্ষতি হয়নি| বৃষ্টি না থামলে পানি কমার সম্ভাবনা নেই| উজানের বৃষ্টির হাওরে জমা হয়| পানি নাম কমলে কয়েক হাজার পরিবার বন্যা কবলিত হওয়ার আশংকা রয়েছে|

উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, টানা তিন দিনের ভারি বৃষ্টিপাতে উপজেলার শতাধিক হেক্টরের আউশ ধানের বীজতলা ও আউশ ধানের খেত তলিয়ে গেছে| শনিবারও তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন|

ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, বন্যার আশংকার কথা চিন্তা করে ইতিমধ্যে ২৩টি বন্যাআশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে| হাকালুকি হাওড়পাড়ের অনেকের বাড়িঘর আংশিক বন্যাকবলিত হলেও এখনও বড়কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি| উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়কে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখতে নির্দেশ দেওয়া আছে|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com