মৌলভীবাজার শ্রী শ্রী নতুন কালীবাড়িতে প্রণামী বাক্সে ১মাসে পাওয়া গেল ৮২ হাজার ২শত ৬৭ টাকা

July 15, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের শ্রী শ্রী নতুন কালীবাড়িতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো দান বাক্স স্থাপন ও ভক্তদের দানকৃত প্রণামী বাক্স প্রকাশ্যে সাধারণ ভক্তবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে খোলা হয়েছে।

উল্লেখ্য গত ১২ জুন কালীবাড়িতে প্রথম প্রণামী বাক্স প্রতিস্থাপন করা হয়। ১৩ জুলাই সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে তিনটি প্রণামী বাক্স উন্মুক্ত করে গণনা শেষে মোট ৮২,২৬৭ টাকা পাওয়া যায়।

মন্দিরের দীর্ঘদিনের প্রচলিত অচলাবস্থা ভেঙে কার্যনির্বাহী কমিটির এ উদ্যোগ সনাতনী সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। উপস্থিত ভক্তরা এ উদ্যোগকে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

শ্রী শ্রী নতুন কালীবাড়ি কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা এবং কালীবাড়ির সার্বিক উন্নয়নে আমাদের কমিটি বদ্ধপরিকর। মন্দিরের স্বার্থরক্ষা, উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং সাধারণ সনাতনী ভক্তদের সম্পৃক্ততা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা বলেন, প্রণামী বাক্স প্রকাশ্যে খোলার এ উদ্যোগ মন্দির পরিচালনায় একটি যুগান্তকারী দৃষ্টান্ত। এতে সাধারণ মানুষের আস্থা ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে, যা কালীবাড়ির উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভক্ত জানান, প্রণামীর প্রতিটি টাকা যেন মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সঠিকভাবে ব্যয় হয়। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, মন্দিরের ভূমি,স্বর্ণালংকার এবং অন্যান্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বর্তমান কমিটি স্বচ্ছ ও জনসম্পৃক্ত ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com