ফুটপাতে পড়ে থাকা মানুষটির পাশে দাঁড়ালো শেখ বোরহান উদ্দিন সোসাইটি

July 16, 2026,

স্টাফ রিপোর্টার : শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের কাছে একজন মুঠোফোনে জানান যে, শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পড়ে আছেন; তিনি মৃত না জীবিত, তা বোঝা যাচ্ছে না।

১৫ জুলাই বুধবার বিকেলে খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক প্রস্তুতি নিয়ে সংগঠনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পান, ময়লা-আবর্জনার মধ্যে একটি মাত্র লুঙ্গি গায়ে জড়িয়ে পড়ে আছেন এক অসহায় মানুষ। এরই মধ্যে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি।

বৃষ্টির প্রতিকূলতাকে উপেক্ষা করেই টিম মেম্বাররা লোকটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর তাকে পরম যত্নে গোসল করানো হয়, নতুন কাপড় পরিধান করানো হয় এবং পরম মমতায় খাবার খাওয়ানো হয়। গোসল করানোর পর শারীরিক দুর্বলতার কারণে তার পুরো শরীর কাঁপছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, অংশগ্রহণ করেন সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, সমাজকর্মী আকতার আহমদ, টিম মেম্বার মাহমুদ হাসান, রাহাত সাকিব প্রমুখ।

মহান আল্লাহ তাআলা ওই অসহায় মানুষটিকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং তার পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। সেই সাথে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার যেন অদূর ভবিষ্যতে এই ধরনের মানুষদের জন্য একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন।

রাস্তায়, হাটে কিংবা মাঠে-ঘাটে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি ‘আশরাফুল মাখলুকাত’-এর এমন করুণ পরিণতি যেন অন্তত আমাদের এই অঞ্চলে আর দেখতে না হয়। আমীন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com