রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টি প্রতিবন্ধী,৩ জনের সফল অস্ত্রোপচার

July 20, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে চিকিৎসা সেবাসহ অন্যান্য সুবিধা ও সহযোগিতা পাচ্ছে একই পরিবারের ১১ জনসহ ১৪ জন হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী। জেলা প্রশাসনের এই মহত উদ্যোগকে স্বাগত জানিয়ে চিকিৎসাসেবায় সহযোগিতার হাত বাড়িয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সুনামধন্য বিএনএসবি চক্ষু হাসপাতাল। ইতিমধ্যে ওই পরিবারের সকল দৃষ্টিপ্রতিবন্ধীদের বিএনএসবি হাসপাতালে ভর্তি করে তাদের চোখ পরীক্ষা নিরিক্ষাসহ চিকিৎসা সেবা প্রদানের প্রস্তুতিমূলক সকল কাজ শুরু হয়েছে।

জানা যায় জেলার রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীসহ মোট ১৪ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত এ চিকিৎসা কার্যক্রমে একজনকে সম্পূর্ণ সুস্থ পাওয়া গেছে। এছাড়া দুইজনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাকি ১১ জনের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চোখের অস্ত্রোপচার প্রয়োজন।

অস্ত্রোপচার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন। চিকিৎসার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অবহিত হওয়ার পর পরিবারের সম্মতির ভিত্তিতে তিনজনের চোখের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তিনটি অস্ত্রোপচারই সফল হয়েছে। আগামীকাল তাদের চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। এরপর তাদের দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।

এদিকে অস্ত্রোপচার প্রয়োজন এমন বাকি ৮ জনের সম্মতি না পাওয়ায় চোখের অপারেশন করা যায়নি। তবে রোগীর পক্ষে সম্মতি পেলে চোখে অস্ত্রোপচার করা হবে।

হাসপাতালের চিপ কনসালটেন্ট ডা: আমিনুল ইসলাম সোহাগ  জানিয়েছেন, যাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তাদের শারীরিক অবস্থার অগ্রগতি ও ফলাফল পর্যবেক্ষণের পর পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পর্যায়ক্রমে অন্যদের অস্ত্রোপচার করা হবে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা সফল অস্ত্রোপচারের ইতিবাচক ফলাফল দেখে পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা গ্রহণে আগ্রহী হবেন এবং পর্যায়ক্রমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

সন্ধ্যায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের কনফারেন্স হলে দৃষ্টিপ্রতিবন্ধী তাদের পরিবারের সদস্য, আত্মীয়, স্বজন, ওই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সর্বস্থরের নাগরিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম উমেদ আলী ও শামীম আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, কামারচাক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মামুনুর রশিদ, কামারচাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফুর রহমান ও আসগর আলী প্রমুখ।

উল্লেখ্য গেল বন্যা চলাকালীন সময় জন্মান্ধ পরিবারটির খবর গণমাধ্যমকর্মীদের মাধ্যমে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক অবগত হলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়া এই পরিবারটির আর্থিক সহায়তার জন্য জেলা ও উপজেলা প্রশাসন থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। প্রশাসনের এমন প্রশংসনীয় মানবিক উদ্যোগের জন্য দৃষ্টি প্রতিবন্ধী ওই পরিবার ও এলাকাবাসী কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com