মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো হলদে পাখি কার্নিভাল

পলি রানী দেনাথ : মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হলদে পাখি কার্নিভাল-২০২৬।
মঙ্গলবার ২১ জুলাই সাইফুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এ কার্নিভালের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার কমিশনার বেগম নুরজাহান সোয়ারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তার, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার, সদর উপজেলার স্থানীয় কমিশনার ইসমত আরা, শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় কমিশনার রিতা দত্ত প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার।
কার্নিভালে জেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখিরা অংশগ্রহণ করে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। কার্নিভাল প্রাঙ্গণে হলদে পাখিদের ৮টি স্টল বসানো হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্টলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন। এছাড়া অডিটরিয়াম প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে গার্ল গাইডস্ এর মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে জেলা প্রশাসক হলদে পাখিদের দীক্ষা প্রদান করেন। প্রাণবন্ত এই আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।



মন্তব্য করুন