বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

July 26, 2026,

সালেহ আহমদ (স’লিপক) : উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে বর্ণাঢ্য আয়োজনে ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার ২৫ জুলাই বিকেল ৪টায় রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক উন্মুক্ত ছড়া-কবিতা পাঠ ও ‘একুশ ছুঁয়ে কানামাছি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক ও কবিদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অতিথি ছিলেন শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, শিশুসাহিত্যিক চন্দনকৃষ্ণ পাল, শিশুসাহিত্যিক রমজান মাহমুদ, শিশুসাহিত্যিক জাকির হোসেন কামাল এবং কানামাছি’র সম্পাদক ও প্রকাশক কবি মঈন মুরসালিন।

আলোচনা সভায় অতিথিগণ ‘কানামাছি’ পত্রিকার দুই দশকের পথচলার প্রশংসা করে বলেন, শিশু-কিশোরদের মনন গঠনে এবং শুদ্ধ সাহিত্য চর্চায় পত্রিকাটি দীর্ঘ ২০ বছর ধরে যে ভূমিকা রেখে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়।  আগামীতেও কানামাছি নতুন প্রজন্মের মাঝে সুস্থ ধারার সাহিত্য ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সূচনা বক্তব্যে কানামাছি’র সম্পাদক ও প্রকাশক কবি মঈন মুরসালিন বলেন, শিশুসাহিত্য হলো সেই জাদুকাঠি, যা ছোটদের কল্পনার জগৎ খুলে দেয়, আর ছোটদের পত্রিকা হলো সেই রঙিন জানালা, যা তাদের কৌতূহলকে নতুন দিগন্তে পৌঁছে দেয়। ‘কানামাছি’ ছোটদের সাহিত্যপত্রিকা হিসেবে বাংলাদেশের শিশু-কিশোর সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে। এটি শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ‘কানামাছি’ শুধু একটি শিশুতোষ পত্রিকাই নয়, এটি একটি সাহিত্যিক ও নৈতিক পাঠশালা, যা ভবিষ্যতের প্রজন্মকে আরও সচেতন, কল্পনাপ্রবণ এবং মানবিক করে তুলতে কাজ করছে।

অনুষ্ঠানে গোলাম নবী পান্না, তাহমিনা শিল্পী, মালেক মাহমুদ, শামীম হাসনাইন, নাফে নজরুল, পলি রহমান, আলমগীর খোরশেদ, সাগর আহমেদ, উম্মুল খায়ের, শিরিন শিলা, আনসার আলী, সালমা সুলতানা, রুখসানা বিলকিস,  শামসুদ্দিন হীরা, তাসলিমা হাসান রুনু, জেসমিন দীপা, সুমন ভূঁইয়া, সৈয়দা কানিজ রাসুল, তাসরিবা তাহমিদ, শারমিন হক, মোহাম্মদ জুবায়ের, সাইদ খোকন নাজিরী, সাবিক মাতিউন ভূঁইয়া, সবুজ ইসলাম, সৈয়দ একরামুল হাসান, মাহমুদা সিদ্দিকা সুমি, মাহফুজা আক্তার মীরা, ফজলুল কাদের হৃদয়, সুলেখা আক্তার শান্তা, সাহেব বিপ্লব, রাশিদুল হাসান বাচ্চু, শামীম রহমান, মেহেদী হাসান হেলাল প্রমুখ লেখক ও বাচিকশিল্পীগণ লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com