মৌলভীবাজারে কিশোর গ্যাং ও মাদকের মূলহোতা শায়েক গ্রে/প্তার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরে কিশোর গ্যাং অপরাধ, অতর্কিত হামলা ও একাধিক অপরাধমূলক অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ।
২৭ জুলাই সোমবার সন্ধ্যায় শহরের একাটুনা রোড এলাকায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে অপরাধজগতের অন্যতম হোতা শায়েক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, গ্রেপ্তারকৃত শায়েকের বিরুদ্ধে একাধিক অপরাধের ঝুলন্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে স্থানীয় কিশোরদের বিভ্রান্ত করে নিজের ছত্রছায়ায় এনে একটি সংঘবদ্ধ ‘কিশোর গ্যাং’ পরিচালনা করে আসছিল। এই গ্যাংটির মাধ্যমে সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালানো, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার করার মতো একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
শুধু তাই নয়, শহরের অলিগলিতে মাদকদ্রব্য কেনাবেচার নেটওয়ার্ক গড়ে তোলা এবং নিজে নিয়মিত মাদক সেবনে জড়ানোর পেছনেও মূল কলকাঠি নাড়ত এই শায়েক। তার গ্রেপ্তারে স্বস্তির নিশ্বাস ফেলেছেন একাটুনা রোডসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার সাব-ইনস্পেক্টর (এসআই) জয়ন্ত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় একাটুনা রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলার অবনতি ঘটানো এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত এই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শহরের অপরাধ প্রবণতা নির্মূলে এবং উঠতি বয়সীদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে প্রশাসন।



মন্তব্য করুন