আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ

July 28, 2026,

পলি রানী দেবনাথ : আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৮ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তুলসী রানী সরকার।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজিফা আনজুম মৌনতা ও নওশীন জাহান রাইসা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফিজা খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিবা শিফটের সিনিয়র শিক্ষক মো. মানজু মিয়া সরকার এবং প্রভাতি শিফটের সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা নাফিসা রহমান, নাজিফা হাসান নুসরাত, অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাওশীন সাইয়ারা এবং দশম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা বিনতে হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বিভিন্ন শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com