অবৈধ বালু উত্তোলন ও ড্রেজার মেশিনের শব্দদূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ড্রেজার মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
২৯ জুলাই বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার পালপুর খেয়াঘাট এলাকায় স্থানীয়দের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে দিন-রাত ড্রেজার মেশিনের উচ্চ শব্দে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদী তীর ও বসতবাড়িও হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত অবৈধ ড্রেজার অপসারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে শব্দদূষণ বন্ধের দাবি জানান।



মন্তব্য করুন