কুলাউড়ায় এসএসসিতে জিপিএ-৫ এর শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় নবীন চন্দ্র

August 11, 2026,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৬১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। উপজেলার ২৬টি প্রতিষ্ঠানের মোট ১২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এরমধ্যে সর্বোচ্চ ২৩ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। ১৭ জন জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

উপজেলা পর্যায়ের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে এবার সেরা ফল করেছে। আর কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে।

এদিকে ক্যামেলিয়ান ডানকান স্কুলও শতভাগ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে দাখিল পরীক্ষায় ১৭টি প্রতিষ্ঠানের মোট ৮৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষায় মোট ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এরমধ্যে ভাটেরা দারুচ্ছুন্নাহ মাদ্রাসার ২ জন এবং শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ভোকেশনাল পরীক্ষাতেও শিক্ষার্থীরা সাফল্য পেয়েছে। উপজেলার ৬টি প্রতিষ্ঠানের ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮০ জন উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ১ জন এবং ভাটেরা উচ্চ বিদ্যালয়ের ১ জনসহ মোট ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com