কুলাউড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আলমাছকে বহিষ্কার

মাহফুজ শাকিল : কুলাউড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমাছ আহমদ নামে বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আলমাছ জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (নিবন্ধন নম্বর-২৩৫৯) সাধারণ সম্পাদকও।
রবিবার ২৩ আগস্ট বিএনপির জয়চন্ডী ইউনিয়ন কমিটির সভাপতি আতিকুর রহমান ইমরান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির গঠনতন্ত্রের ধারা ৫ (গ) অনুযায়ী, দলের শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রমাণের ভিত্তিতে জয়চন্ডী ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. আলমাছ মিয়াকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। একই সঙ্গে বহিস্কৃত নেতার সঙ্গে নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়।
আলমাছ আহমদকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান গণমাধ্যমকে বলেন, সম্প্রতি রাস্তা বন্ধ করে এসিল্যান্ড স্যারের বিরুদ্ধে খারাপ ভাষায় আপত্তিকর স্লোগান ও চুরির অভিযোগে দুই যুবককে আটকিয়ে নির্যাতনের অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় মূলত আলমাছকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শ্রমিক নেতা আলমাছ আহমদ পোস্ট করে দাবি করে তিনি বলেন, বিগত ১৭ বছর থেকে তিনিসহ তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। দলের দুর্দিনে তিনি পাশে ছিলেন। শ্রমিকদের দাবি আদায়ে তাদের পাশে থাকায় ষড়যন্ত্রমূলকভাবে আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দুই যুবককে মারধরের বিষয়ে তিনি দাবি করেন, পুরাতন ভিডিও ছেড়ে তাকে বিতর্কিত করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনে প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চার শ্রমিককে আটক, জরিমানা ও একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়ার প্রতিবাদে বিএনপি নেতা ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আলমাছের নেতৃত্বে ১ ঘন্টা গাড়ি আটকে সড়ক অবরোধ করে থানায় অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এছাড়া তাঁর নেতৃত্বে বিক্ষুব্দ শ্রমিকরা মিছিল করে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ^াসের বিরুদ্ধে প্রত্যাহার চেয়ে আপত্তিকর নানা স্লোগান দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এদিকে কুলাউড়ায় সিএনজি চুরির অভিযোগে দুই যুবককে শ্রমিক নেতা আলমাছ আহমদসহ কয়েকজন যুবক তাদের পড়নের বেল্ট দিয়ে ব্যাপক মারধর করে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশ-বিদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিষয়টি নিয়ে প্রশাসন ও পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।



মন্তব্য করুন