উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: শওকতুল ইসলাম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আমাদের এই সরকার। আমরা কথায় কাজি নয়, কাজে কাজি। আমরা উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে শিক্ষা নিয়ে সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার সুফল আমরা সকলেই পাবো।
রোববার ২৩ আগস্ট সকাল সাড়ে এগোরটায় কুলাউড়া উপজেলার ‘উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার আহ্বান জানান। তিনি উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা জানান।
উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবিরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলু, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিতুর রহমান, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, সিনিয়র শিক্ষক রুহুল আমিন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবু মোহাম্মদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আজিজুল হক বাবুল ও মঈন উদ্দিন আকবর, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, উপজেলা প্রেসক্লাব সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, সাবেক রেলওয়ে কর্মকর্তা রেজাউর রহমান, বিএনপি নেতা জুনেদ আহমদ প্রমূখ। শুরুতে প্রধান শিক্ষকের নেতৃত্বে সংবর্ধিত অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে গৌরব বর্ধন ও সামিরা জান্নাত চৌধুরী। কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী ইশরাত পারভীন তিশমা, গীতা পাঠ করে শান্ত শর্মা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিত ছিল। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।



মন্তব্য করুন