কুলাউড়ায় স্ট্রোক রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পুনর্বাসন সেবা দিচ্ছেন শিক্ষার্থীরা

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় স্ট্রোক-পরবর্তী রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পুনর্বাসন সেবা দিচ্ছেন অকুপেশনাল থেরাপির শিক্ষার্থীরা। কমিউনিটি বেজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) কার্যক্রমের আওতায় এবং সিআরপির শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটের (বিএইচপিআই) বি.এসসি. ইন অকুপেশনাল থেরাপি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে রোগীদের এ সেবা দিচ্ছেন।
বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটের (বিএইচপিআই) অকুপেশনাল থেরাপি বিভাগের প্রভাষক আমিনা রহমানের সার্বিক তত্ত্বাবধানে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এ কার্যক্রম পরিচালনা করছেন।
সংশ্লিষ্টরা জানান, স্ট্রোকের পর অনেক রোগীর হাত-পায়ের শক্তি কমে যায়, শরীরের এক পাশ অবশ হয়ে পড়ে এবং দৈনন্দিন স্বাভাবিক কাজ করার সক্ষমতা কমে যায়। এ অবস্থায় হাসপাতালের চিকিৎসার পাশাপাশি নিয়মিত ও প্রয়োজনভিত্তিক পুনর্বাসন সেবা প্রয়োজন।
শিক্ষার্থীরা রোগীদের বাড়িতে গিয়ে হাত-পায়ের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি দৈনন্দিন কাজ করার সক্ষমতা ফিরিয়ে আনতে বিভিন্ন ধরনের অকুপেশনাল থেরাপি দিচ্ছেন। রোগীদের নিজে নিজে খাওয়া, পোশাক পরা, লেখালেখি ও অন্যান্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজ করার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, স্ট্রোক-পরবর্তী পুনর্বাসনের মূল লক্ষ্য শুধু শারীরিক নড়াচড়া বাড়ানো নয়, বরং রোগীকে দৈনন্দিন জীবন ও সামাজিক কর্মকাণ্ডে পুনরায় সম্পৃক্ত করা। প্রয়োজন অনুযায়ী এক হাতে পোশাক পরা কিংবা সহায়ক উপকরণ ব্যবহারের মতো বিকল্প কৌশলও শেখানো হয়।
কুলাউড়ার প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ ধরনের সেবা দেওয়ার ফলে স্থানীয় রোগীরা নিজেদের পরিচিত পরিবেশেই প্রয়োজনীয় পুনর্বাসন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।



মন্তব্য করুন