শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন চিকিৎসকেরা

দীর্ঘমেয়াদি বন্যায় দুর্ভোগের পর এবার প্রচন্ড শীতে কাঁপছে মৌলভীবাজারের মানুষ। এ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকেরা। নিজেরা টাকা তুলে বিভিন্ন এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ মৌলভীবাজার এবার ৬০০ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে।
শনিবার ২০ জানুয়ারি সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে ৯০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খান, সাধারণ সম্পাদক ডা. শাহজাহান কবির চৌধুরী, ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. পলাশ রায়, কয়ছর খান প্রমুখ।
এদিকে ১৮ ডিসেম্বর সদর উপজেলার দরিদ্রতম এলাকা আথানগিরি গ্রামে ১২২ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি। চিকিৎসকেরা চেম্বার ফেলেও ছুটে যান শীতবস্ত্র বিতরণে। সেখানে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খান, সাধারণ সম্পাদক ডা. শাহজাহান কবির চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মারুফ, ডা. শাহীন প্রমুখ।
এর আগে শহরের সৈয়ারপুরসহ বিভিন্ন এলাকার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এদিকে দীর্ঘ ৮ মাস বন্যার সাথে যুদ্ধ করা হাওরপারের মানুষ এখন প্রচন্ড শীতে দুর্ভোগে পোহাচ্ছেন। অন্যান্য এলাকার তুলনায় হাওরের খোলা প্রান্তরে বাতাসে শীতের কাঁপনটাও অনেক বেশি। এ অবস্থায় হাওরপারের মানুষের জন্য সরকারি বসেরকারি উদ্যোগে এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



মন্তব্য করুন