বড়লেখার পাথারিয়া চা বাগান ৪ দিন ধরে বিদ্যুৎহীন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বাংলাদেশ চা বোর্ডের মালিকানাধীন পাথারিয়া চা বাগানে গত ৪দিন ধরে বিদ্যুৎ নেই। ৩১ মার্চ সকালে ঝড়ে একটি ইনস্যুলেটর ভেঙ্গে পড়ায় ও কিছু লাইন ছিড়ে যাওয়ায় চা বাগানের ৭শ’ শ্রমিক পরিবার, ম্যানেজার বাংলো, কর্মকর্তার কোয়ার্টার ও কার্যালয় বিদ্যুৎহীন হয়ে পড়ে। মেরামত কাজে পিডিবি’র চরম উদাসীনতায় চা বাগানের নবনির্মিত অত্যাধুনিক চা কারখানার মেশিনারিজ প্রতিস্থাপন কাজে ভারত থেকে আসা ৩ জন প্রকৌশলী অলস সময় পার করছেন।
জানা গেছে, সরকার নিয়ন্ত্রিত পাথারিয়া চা বাগানে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক একটি চা কারখানা নির্মাণ করা হয়েছে। এপ্রিল মাসেই এ চা কারখানায় আনুষ্ঠানিকভাবে চা উৎপাদনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলেছে। কিন্তু গত ৪ দিন ধরে বিদ্যুৎ না থাকায় মেশিনারিজ প্রতিস্থাপন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে যথাসময়ে নতুন ফ্যাক্টরীর চা উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে।
পাথারিয়া চা বাগানের ব্যবস্থাপক শাহিদ নেওয়াজ জানান, নতুন চা কারখানাটি চালুর সবধরণের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বারবার তাগিদ দেয়া স্বত্বেও পিডিবি’র (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) স্থানীয় প্রকৌশলী সামান্য একটি ইনস্যুলেটর স্থাপন ও লাইন মেরামত না করায় গত ৪ দিন ধরে বাগানের প্রায় ৭শ’ বিদ্যুৎগ্রাহক অন্ধকারে নিমজ্ঝিত হয়ে দূর্ভোগ পোহাচ্ছেন। নতুন কারখানার মেশিনারিজ ইনষ্টলেশনে আসা ৩ জন ভারতীয় ইঞ্জনিয়ার অবসর সময় পার করছেন। পিডিবি’র সাব-এ্যসিসটেন্ট ইঞ্জিনিয়ার শামীম আহমদের চরম উদাসীনতায় রাষ্ট্রীয় একটি শিল্প পিছিয়ে পড়ছে। নির্বাহী প্রকৌশলী সামস বিন আরেফিনের নির্দেশেও তার কর্নপাত না করা রহস্যজনক।
পিডিবি’র সাব-এ্যসিসটেন্ট ইঞ্জিনিয়ার শামীম আহমদ বুধবার সন্ধ্যায় জানান, ঝড়ে বিভিন্ন স্থানে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সব কনজুমারকেইতো সমানভাবে দেখতে হবে। লোকবল কম থাকায় চা বাগানের মেরামত কাজে যেতে বিলিম্বিত হচ্ছে। তবে আজকেই তিনি সেখানে লোক পাঠাবেন।



মন্তব্য করুন