বড়লেখায় স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : প্রধান শিক্ষকের হুমকি

April 19, 2019,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সুজাউল নিুমাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ করেছেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা। বিধি বহির্ভুতভাবে গঠিত কমিটির অনুমোদন না দেয়ার জন্য ভুক্তভোগীরা গত ১৬ এপ্রিল সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবরে আবেদন করেছেন। অভিভাবকরা অভিযোগ করায় তাদের ছেলে-মেয়েদের স্কুল থেকে বহিস্কারের হুমকি দিয়েছেন প্রধান শিক্ষক জামারান রশিদ।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল বাছিত ও প্রধান শিক্ষক জামারান রশিদ প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকদের না জানিয়ে প্রতিষ্ঠাতা, দাতা ও অভিভাবক সদস্য নন এমন ব্যক্তিদের নিয়ে গোপনে ব্যবস্থাপনা কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবরে প্রেরণ করেন। পকেট কমিটি গঠনের তথ্য ফাঁস হলে তা অনুমোদন না দেয়ার জন্য স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মুছলেহ উদ্দিন, দাতা সদস্য আব্দুল কুদ্দুছ স্বপন, সিরাজ উদ্দিন, কামাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল্লাহ, আব্দুল লতিফ, জয়নুল ইসলাম প্রমূখ সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবরে আবেদন করেছেন। এদিকে স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তানভির আহমদ অপু, ৯ম শ্রেণীর ছাত্র বাবুল হোসেন, ৮ম শ্রেণীর ছাত্র এমদাদ হোসেন প্রমূখ অভিযোগে করে অবৈধভাবে গঠিত কমিটির ব্যাপারে তাদের অভিভাবকরা কথা বলায় প্রধান শিক্ষক জামারান রশিদ তাদের রেজিষ্ট্রেশন বাতিল ও স্কুল থেকে বহিস্কারের হুমকি দিয়েছেন।

প্রধান শিক্ষক জামারান রশিদ জানান, কাকে সভাপতি আর কাকে সদস্য করে কমিটি গঠন করেছেন এবং তারা প্রকৃত প্রতিষ্ঠাতা, দাতা ও অভিভাবক সদস্য কি না তা তার মনে পড়ছে না। অন্যান্য কোন বিষয়েই তিনি কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com