অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ : আহত ১ ব্যাক্তি গ্রেফতার

August 3, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ চেষ্টাকারীদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেছে। এসময় গুলিতে ৫-৬ জন আহত হয়। এদের মধ্যে বিজিবি আব্দুস শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় আটক করেছে। সে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল মাঝগান্ধাই এলাকার রাকিব আলীর ছেলে। আহত অন্যান্য অনুপ্রবেশ চেষ্টাকারীরা পালিয়ে যায়। শুক্রবার বোবারথল সীমান্তের পিলার নম্বর ১৩৮০-১ এস ও  ২এস এলাকায় বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

২ আগস্ট শুক্রবার রাতে বিজিবির বোবারথল ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ঘটনায় আটক আব্দুস শুক্কুরকে প্রধান আসামি করে থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

সীমান্ত সুত্রে জানা গেছে, বড়লেখার বোবারথল ও বিওসি কেছরীগুল সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা প্রতিদিন অবৈধভাবে ভারতীয় মহিষ ও গরুর বড় বড় চালান নিয়ে আসছে। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে ভারতীয় গরু-মহিষের ট্রানজিট রোড হিসেবে ব্যবহৃত হচ্ছে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কটি। অবৈধ মহিষের চালান দৃশ্যমান হলেও এর সাথে দেশে ডুকছে মাদক ও অস্ত্রের চালান। শুক্রবার সকালে বাংলাদেশি চোরাকারবারীর দলটি রহস্যজনকভাবে বিজিবি’র চোঁখ ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করে। এসময়ই বিএসএফ তাদেরকে ধাওয়া ও গুলিবর্ষণ করে প্রতিরোধ করেছে।

সীমান্ত এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (০২ আগস্ট) সকাল ৯ টার দিকে দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল মাঝগান্ধাই এলাকায় ১২ থেকে ১৪ জনের একটি দল অবৈধভাবে সীমান্তের জিরোলাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরে পড়লে তারা তাদেরকে ধাওয়া করে। এতে অনুপ্রেশকারীরা পালানোর চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। গুলিতে আব্দুস শুক্কুর আহত হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সকাল ১১টার দিকে বিজিবির বোবারথল ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা আহত অবস্থায় সীমান্তের পিলার নম্বর ১৩৮০-১ এস ও  ২এস এলাকা থেকে আব্দুস শুক্কুরকে আটক করে। আটক শুক্কুর বিজিবির জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া অন্যদের নাম বলেছে। পরে গুলিতে আহত আব্দুস শুক্কুরকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা প্রদানের পর পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আব্দুস শুক্কুরকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।

থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ‘শুক্রবার সকাল ৯টার দিকে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে। সেটি দেখে বিএসএফ তাদের ধাওয়া করে একপর্যায়ে শর্টগানের গুলি বর্ষণ করেছে। এতে আব্দুস শুক্কুর নামে একজন আহত হন। বিজিবি তাকে আটক করে তাদের হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসা করায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে আটক ব্যক্তিসহ ১১ জনের নাম উল্লেখ করে তারা এজাহার দিলে থানায় মামলা হয়।’

এব্যাপারে জানতে বিজিবি বোবারথল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কথা ধরণের বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com