বড়লেখায় আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে ভুমি বিক্রির অভিযোগ দলিল বাতিলের দাবীতে আদালতে স্বত্ব মামলা

August 18, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় সহকারী জজ আদালতের আদেশ অমান্য করে ভুমি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে সৃজিত দলিল বাতিলের জন্য ভুক্তভোগী লুকু মিয়া মৌলভীবাজার সদর সিনিয়র সহকারী জজ আদালতে ১৬ জুলাই স্বত্ত্ব মামলা (১২৮/২০১৯) দায়ের করেছেন। সম্প্রতি আদালত বিবাদীদের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন।

জানা গেছে, উপজেলার সুজানগর ইউপির রাঙ্গিনগর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে জিয়াউর রহমান, বদরুল ইসলাম ও লুকু মিয়া বিভিন্ন দাগে মোট ৩ একর ৪১ শতাংশ ভুমির ওপর নিষেধাজ্ঞা জারির দাবীতে মৌলভীবাজার সহকারী জজ (বড়লেখা) আদালতে একই গ্রামের নাজমুল হক, জয়নাল আবেদিন, এনামুল হক, বেগম বিবি, মিনারা বেগম, দিলারা বেগম গংদের বিরুদ্ধে স্বত্ত্ব মামলা (০৪/১৫) দায়ের করেন। এ স্বত্ত্ব মামলার রায়ে বিজ্ঞ আদালত বাদীদের পক্ষে ডিগ্রী জারি করেন। আদেশে আদালত মামলায় উল্লেখিত ভুমি বিক্রয় ও হস্তান্তরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু স্বত্ত্ব মামলার এ আদেশ অমান্য করে ৫ নং বিবাদী মিনারা বেগম গত ১৯ জুন ১৪২৭ নং দলিলে ৫ শতাংশ ভুমি সালেক আহমদ, ছলকু মিয়া গংদের নিকট এবং ৬ নং বিবাদী দিলারা বেগম একই তারিখে ১৪৭৩ নং দলিলে ফরিজ আলী, সালেক আহমদ গংদের নিকট পয়েন্ট ৯২ শতাংশ ভুমি বিক্রি করেছেন।

উপজেলা সাব-রেজিষ্ট্রার রফিকুল ইসলাম জানান, সৃজিত এ দুটি দলিলের বিক্রিত ভুমির ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কোন কপি তিনি পাননি। মামলার বিষয়ে অবগত না থাকায় দলিল রেজিষ্ট্রী হয়েছে।

ভুমি ক্রেতা সালেক আহমদ, ফরিজ মিয়া প্রমূখ জানান, ক্রয়কৃত ভুমির ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয় তাদের জানা নেই।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com