বড়লেখায় ২ ঘন্টার ভারী বৃষ্ঠিতে তীব্র জলাবদ্ধতা : হাকালুকি হাওরে পানি বৃদ্ধিতে জনদুর্ভোগ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বৃহস্পতিবার রাতের ২ ঘন্টার ভারী বৃষ্ঠি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থান বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। হাকালুকি হাওরের পানি বৃদ্ধিতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
২২ আগস্ট বৃহস্পতিবার রাত ১টা থেকে শুরু হওয়া ৩ টা পর্যন্ত ভারী বৃষ্ঠিপাতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। তলিয়ে গেছে রোপা আমনের বীজতলা ও সদ্য রোপনকৃত চারা ধানের ক্ষেত। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় হাওরপারের বাসিন্দারা পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার সকালে সরেজমিনে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দক্ষিণভাগ টিলাবাজার নামক স্থানের রাস্তা নিমজ্জিত এবং উপজেলা দক্ষিণভাগ দক্ষিণ, সুজানগর, বর্নি ও তালিমপুর ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তার ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হতে দেখা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার জানান, পানি দ্রুত নেমে গেলে উঠতি ধানের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে ৩-৪ দিন নিমজ্জিত থাকলে ফসলের ক্ষতির আশংকা রয়েছে।



মন্তব্য করুন