বড়লেখায় কেজি স্কুলের ৮০০ শিক্ষকের মানবেতর জীবন

May 14, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় করোনা ভাইরাসের প্রভাবে ৭৫টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল প্রায় ২ মাস ধরে বন্ধ রয়েছে। এতে বেতন পাচ্ছেন না এসব স্কুলের ৮০০ শিক্ষক। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন পেশাজীবিরা সরকারী-বেসরকারী প্রণোদনা পেলেও  কেজি স্কুলের শিক্ষকরা কোন ধরণের সাহায্য সহযোগিতা পাননি। এ অবস্থায় তাদের জন্য মানবিক সহায়তা জরুরী।

জানা গেছে, বড়লেখা উপজেলায় ৭৫টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে প্রায় ৮০০ শিক্ষক পাঠদান করান। শিক্ষার্থীদের মাসিক বেতনের প্রাপ্ত আয় দিয়ে শিক্ষকদের প্রতিজনকে দুই থেকে পাঁচ হাজার টাকা করে সম্মানী ভাতা দেয়া হয়। এছাড়া অভিভাবকদের চাহিদা মতো শিক্ষকেরা প্রাইভেট পড়িয়ে বাড়তি আয় করেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় কিন্ডার গার্টেন স্কুলগুলোতে শিক্ষার্থীদের বেতন বন্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষকরা প্রাইভেটও পড়াতে পারছেন না। এতে গত মার্চ ও এপ্রিল মাসে অধিকাংশ শিক্ষক বেতন পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা অনেকটা মানবেতর দিনযাপন করছেন।

সায়পুর মডেল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আহমেদ রুয়েল জানান, শিক্ষার্থীদের মাসিক বেতনের টাকায় শিক্ষকদের মাসিক বেতন দেয়া হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে কেজি স্কুলগুলো বন্ধ রয়েছে। যার কারণে শিক্ষার্থীরা মাসিক বেতন দিতে পারছেন না। একারণে গত দুই মাস থেকে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বেতন পাননি। এছাড়া শিক্ষকরাও প্রাইভেট পড়াতে পারছেন না। এই অবস্থায় তাদের আয়রোজগারও নেই। এতে পরিবার নিয়ে তারা কষ্টে রয়েছেন। এই অবস্থায় তিনি তাদেরকে আর্থিক প্রণোদনার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী জানান, করোনা ভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব শিক্ষকের আয়ের পথও বন্ধ। তারা মানবেতর দিন কাটাচ্ছেন। এজন্য জরুরীভাবে অসহায় এই শিক্ষকদের জন্য সরকারি সাহায্য বা প্রণোদণা প্রয়োজন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান জানান, কেজিস্কুলের শিক্ষকদের তালিকা চেয়েছি। তালিকা পেলে আমরা তাদের খাদ্যসহায়তা দেবো। এছাড়াও সরকারের কোনো নির্দেশনা আসে তবে আমরা তাদের সহায়তা করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com