বড়লেখায় করোনায় আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখা করোনাভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক তবারক আলী (৭৮) মারা গেছেন। ১০ জুলাই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ওই শিক্ষকের বাড়ি পৌরসভার বারইগ্রাম এলাকায়। তিনি ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
শনিবার ১১ জুলাই সকালে স্বাস্থ্যবিধি মেনে ওই শিক্ষকের লাশ দাফন করেছে মৌলভীবাজার ইকরামুল মুসলিম ফাউন্ডেশন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ওই শিক্ষক করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ৬ জুলাই তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। ৮ জুলাই রাতে তাঁর নুমনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। পরদিন সকালে তার বাড়ি লকডাউন করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতেই তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন। আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।



মন্তব্য করুন