বড়লেখায় তাতিলীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন : ৩ জীবন্ত গরু পুড়ল

July 19, 2020,

বড়লেখা প্রতিনিধি ॥ বড়লেখায় দুর্বৃত্তের আগুনে শনিবার রাতে উপজেলা তাতি লীগের সভাপতি ও ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজারের গোয়ালঘর ভস্মিভুত হয়েছে। এসময় ৩টি জীবন্ত গরু পুড়ে ছাই হয়। গরুসহ গোয়ালঘর পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য রক্ষা পায় দুইটি ট্রাক ও টাক্টর।
জানা গেছে, উপজেলা তাতি লীগের সভাপতি ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজারের বাড়ি কাঠালতী দক্ষিণ সহিদাবাদ এলাকায়। শনিবার ১৮ জুলাই রাত ১টায় সেমি পাকা গোয়ালঘরে আগুনের দাউ দাউ শব্দ আর গরুর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠেন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরে বেধে রাখা তিনটি জীবন্ত গরু, পানির পাম্প, ধান ভাঙ্গার মেশিন, গাড়ির টায়ারসহ বিভিন্ন মালামাল পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই পার্শবর্তী লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য গোয়ালঘরে পাশেই থাকা ২টি ট্রাক ও টাক্টর এবং বসতঘরগুলো রক্ষা পায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার জানান, তার গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগ নেই। তাই সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটার সম্ভাবনা নেই। দুর্বৃত্তরা গোয়ালঘরে অগ্নিসংযোগ করে ৩টি জীবন্ত গরু পুড়িয়ে মেরেছে। অগ্নিকান্ডে অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com