লাঠিটিলা ও শেওলা সীমান্তে ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

আব্দুর রব॥ ঈদ উপলক্ষে ১ আগস্ট শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৩৪ নং ব্যাটালিয়নের পক্ষ থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর ৫২ ব্যাটালিয়নকে মিষ্টি বিতরণ করেছে। এর আগে লাঠিটিলা ও সুতারকান্দি শেওলা সীমান্তে বিএসএফ বিজিবি’র সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।
সীমান্ত সুত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও ধর্মীয় দিবসে মিষ্টিমুখ করানোর পরম্পরা দীর্ঘ দিনের। এরই ধারা অব্যাহত রেখে শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের আসাম রাজ্যের সীমান্ত জেলা করিমগঞ্জের বিএসএফের পক্ষ থেকে বিজিবি’র হাতে মিষ্টি তোলে দেয়া হয়েছে। শনিবার সকালের দিকে বিয়ানীবাজারের সুতারকান্দি শেওলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর ৭নং বাহিনী এবং জুড়ীর লাঠিটিলা সীমান্তের আইরন ব্রিজ দিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৪ নং বাহিনীর সদস্যরা ৫২ বিজিবি’র সদস্যদের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে মিষ্টির প্যাকেট তোলে দিয়েছে।
শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি রিজিওন্যাল কমান্ডার, সিলেট, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডারসহ ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক। বিএসএফের অধিনায়করা মতবিনিময় করতে গিয়ে বলেন, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন জাতীয় দিবসে বিএসএফের পক্ষ থেকে বিজিবি সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার ঈদ উপলক্ষে বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। অন্যদিকে বিজিবি আধিকারিকরা বলেন, এধরনের কার্যসূচী ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যকার সম্পর্ককে আরো দৃঢ়, মজবুত এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে । যার ফলে নিজেদের সীমান্ত দায়িত্ব পালন আরো সহজ হবে ।



মন্তব্য করুন