বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করেই তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে-পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার

August 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন বাংলাদেশের পরিবেশ রক্ষাসহ সোনার বাংলায় রুপান্তরের জন্য সকল কর্মকাণ্ডের সূচনা করেছিলেন। তিনিই প্রথম সারাদেশে বৃক্ষরোপণ অভিযান ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ শুরু করেন। জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণে আন্তরিকভাবে কাজ করলেই তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হবে।
১৫ আগস্ট শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে “শোক হোক শক্তি ” শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপমন্ত্রী এসব কথা বলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পরিবেশ উপমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। জাতি তাঁর ঋণ কোনো দিন শোধ করতে পারবে না। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও পরম দৃঢ়তায় পিতার অসমাপ্ত কাজ ও আদর্শ বাস্তবায়ন করে বিশ্বের দরবারে দেশকে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। কোভিড-১৯ এর সংক্রমণকালেও মানুষের জীবন ও জীবিকা রক্ষা করে তিনি বিশ্বকে অবাক করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সকলে একযোগে কাজ করলে আগামী বছরেই বাংলাদেশ আবার ঘুরে দাড়াবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ বিল্লাল হোসেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ, কে, এম রফিক আহাম্মদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক(চলতি দায়িত্ব) মোঃ আমির হোসাইন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভার পর বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সহ দেশের সকল করোনা আক্রান্ত মানুষের আশু রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com