বড়লেখায় মৃত শ্রমিক নেতার পরিবারকে অটোরিকশা ও সেলাই মেশিন প্রদান

August 17, 2020,

আব্দুর রব॥ বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়ন নির্মাণ শ্রমিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নির্মাণ শ্রমিক হারুনুর রশিদের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে নির্মাণ শ্রমিক সমিতির উপজেলা শাখা। ১৭ আগস্ট সোমবার দুপুরে উপজেলা শাখার পক্ষ থেকে নিহতের পরিবারকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ অটোরিকশার চাবি ও সেলাই মেশিন প্রদান করেন।

উপজেলা নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি জাইজ উদ্দিনের সভাপতিত্বে ও  তরুণ সমাজকর্মী আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আহাদুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মিলন দে, খলাগাঁও উপ-শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ান শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, ‘নির্মাণ শ্রমিকরা নিজেদের একজন প্রয়াত শ্রমিকের অসহায় পরিবারের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা বিরল ঘটনা। এই উদ্যোগ প্রয়াত এ শ্রমিকের অসহায় শিশুদের মুখে হাসি ফোটাবে। এটা সমাজে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। উপজেলা পরিষদ থেকে প্রয়াত শ্রমিকের বিধবা স্ত্রীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তিনি প্রতি মাসে আর্থিক সহায়তা দেয়ার ব্যবস্থা করবেন।’

উল্লেখ্য ‘দীর্ঘদিন হারুনুর রশিদ অসুস্থ থেকে মারা যান। তার স্ত্রী ৮ সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন। প্রথম দু’মাস সংগঠনের দুই ইউনিয়ন শাখা থেকে সহযোগিতা দেয়া হয়। কিন্তু পরিবারটির জন্য স্থায়ী সহায়তা অত্যন্ত জরুরী। কারণ ছেলে-মেয়েরা ছোট। অসহায় বাচ্চগুলোর ভবিষ্যতের কথা ভেবে উপজেলা নির্মাণ শ্রমিক সমিতি আর্থিক উদ্যোগ ও উপদেষ্টাদের সহযোগিতায় একটি অটোরিকশা কিনে দিয়েছে এবং শহরের মাহমুদা ট্রেডার্সের মালিক আলিম উদ্দিন একটি সেলাই মেশিন দিয়েছেন। পরিবারটি এখন স্বচ্ছলভাবে চলতে পারবে বলে নির্মাণ শ্রমিকরা আশা করছে।’

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com