কমলগঞ্জে বাড়ছে অপরাধ প্রবণতা : এক সপ্তাহে ৫টি গরু, একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও একটি ঘরে সিদেল চুরি

January 28, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, পতনঊষারসহ বিভিন্ন স্থানে চুরি, মদ, জুয়া ও নানা অপরাধ প্রবণতা মারাত্মকহারে বৃদ্ধি পেয়েছে। এতে বিপথগামী হচ্ছে যুবসমাজ। গত এক সপ্তাহের ব্যবধানে পতনউষারে দুইটি পরিবারের ৫টি গরু, একটি ঘরে দুধর্ষ সিদেল চুরি ও শমশেরনগরে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন নিরীহ লোকেরা। তবে এসব বিষয়ে পুলিশ কিছুই জানেন না বলে জানান।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সিরাজুল ইসলামের ঘর থেকে গাভী ও বাচ্চাসহ তিন গরু চুরি করে নিয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হন তিনি। এর পাঁচ দিন আগে শহীদনগর বাজার এলাকার ফারুক মিয়ার ২টি গরু চুরির ঘটনা ঘটে। তিনিও লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান। গত সোমবার দিবাগত রাতে পতনউষারের শ্রীসূর্য্য নোয়াগাঁও গ্রামের মাসুক মিয়া ঘরে দুধর্ষ সিদেল চুরির ঘটনা ঘটে। চোর দল ঘর থেকে মূল্যবান জিনিসপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই দিন রাতে শমশেরনগর বিমানবন্দর সড়কে দৌলতপুর এলাকায় একটি ১৫ কেভি’র বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এতে ৭২ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হন বিদ্যুৎ গ্রাহকরা।
পতনউষার ইউপি সদস্য নারায়ন মল্লিক ও আব্দুস ছোবহান বাবু গরু চুরি ও সিদেল চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের ৫টি গরু চুরি একটি ঘরে সিদেল চুরি হয়েছে। এছাড়াও একাধিক ঘরে চোর দল সিদেল চুরির জন্য হানা দিলেও চুরি করতে পারেনি।
শমশেরনগর বিমান বন্দর সড়কের বাসিন্দা ব্যবসায়ী প্রণয় পাল জানান, ১৫ কেভির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা ২৪ জন গ্রাহক মিলে কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে ৭২ হাজার টাকা জমা দিয়েছে নতুনভাবে ট্রান্সফরমার স্থাপনের জন্য। এতে আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে।
এদিকে ভারতীয় ইয়াবা, মদ, গাঁজা সেবন ও বিভিন্ন স্থানে জুয়ার আসর বসছে।
স্থানীয় কতিপয় ব্যক্তিবর্গ ও যুব সমাজ এসব অপরাধ প্রবণতার সাথে যুক্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে মারাত্মক বিপথগামী হয়ে পড়ছে স্থানীয় যুবসমাজ এবং অপরাধ প্রবণতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, এসব চুরির ঘটনা আমাদের জানা নেই। কেউ আমাদের অভিযোগ দেয়নি। তবে খোঁজ নিয়ে দেখবো। আর মাদক সেবন ও জুয়ার বিষয়ে নিয়মিত অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com