কমলগঞ্জে শিব চতুর্দশী পূজায় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৪দিনব্যাপী শিব পূজায় ভক্তি দেয়ার সময় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ১৩ মার্চ শনিবার সন্ধ্যায় শমশেরনগর চা বাগান শিবমন্দিরে সবিতা রানী পালের একভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
সবিতা রানী পালের স্বামী ব্যবসায়ী প্রণয় পাল অভিযোগ করে বলেন, ১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৪দিন ব্যাপী শমশেরনগর চা বাগান শিব মন্দিরে তারক ব্রহ্ম হরিনামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়। চতুর্থ দিন শনিবার সন্ধ্যায় আমার স্ত্রী সবিতা রানী পাল পূজার্চনা করতে যান। সেখানে একই লাইনে মহিলা পুরুষ রয়েছে। ভক্তি দেয়ার সময় পেছন থেকে এক ছিনতাইকারী গলা থেকে স্বর্ণের ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরও বলেন, শিবমন্দির এলাকায় সিসিটিভি না থাকায় এই ঘটনার জন্ম দিয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রণব কান্তি সূত্রধর জানান, অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে আমরাও তৎপর রয়েছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন। গত ২০ বছরেও এধরণের ঘটনা ঘটেনি। তবে প্রচুর লোকের ভিড়ের মধ্যে এই প্রথম কোন ঘটনা ঘটেছে। ছিনতাইকারীকে চিহ্নিত করা যায় কি না সে বিষয়ে আমরা চেষ্টা করছি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ঘটনা বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য করুন