কমলগঞ্জে আম গাছে ঝুলন্ত চা শ্রমিকের লাশ উদ্ধার

June 26, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে অর্জুন মহালী (২৭) নামের এক চা শ্রমিকের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ জুন শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের কবরস্থান এলাকায় একটি আম গাছের রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অর্জুন পাত্রখোলা চা বাগানের মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে। গরু রাখতে আসা রাখালরা এ লাশটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষজন এসে জড়ো হয়।
নিহতের চাচাতো ভাই জাফর মহালী জানান, বৃহস্পতিবার বিকাল থেকে অর্জুনকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার লোকমুখে খবর শুনে এসে দেখেন এটি তার চাচাতো ভাইয়ের লাশ। সে খুব সহজ-সরল প্রকৃতির ছিলো। তাদের ধারণা কেউ তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তার হাতে রক্তের দাগও পাওয়া গেছে। এদিকে গাছের সাথে লাশ ঝুলে থাকতে দেখে চা-শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্ঠি হয়েছে।
পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম জানান, চা শ্রমিকদের কাছ থেকে লাশের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন এভাবে গাছের সাথে লাশ ঝুলে আছে। তিনি পুলিশকে জানালে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বুঝা যাবে এটা হত্যা না আত্মাহত্যা।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com