বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনায় সেই ঘটক ২ দিনের রিমান্ডে

December 23, 2025,

স্টাফ রিপোর্টার : বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরির অপরাধে গ্রেপ্তার আসামি ঘটক বেলাল আহমদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

ঘটক বেলাল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

জানা গেছে, ঘটক বেলাল আহমদ বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের জয়নব আক্তারের পূর্বপরিচিত। জয়নব আক্তার মেয়ের নাম আমিনা বেগমের জন্য পাত্র খোঁজার দায়িত্ব তাকে দেন। এ সুবাদে তিনি একাধিকবার তাদের বাড়িতে যান। বেলাল পাত্র দেখতে ব্যর্থ হলে জয়নব আক্তার অন্যত্র পাত্র ঠিক করেন এবং ১২ ডিসেম্বর বিয়ের দিন ধার্য হলে ঘটক বেলালকে মেয়ের বিয়ের দাওয়াত দেন। বিয়ের দিন দুপুরে পরিবারের সদস্যরা তারাদরম ইমরান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে চলে যান। এ সময় প্যারালাইসিসে আক্রান্ত জয়নব আক্তারের স্বামী নিজাম উদ্দিন ও দুই গৃহকর্মীকে বাড়িতে রেখে যান। জয়নবের বোন লুৎফা বেগম তার কাছে সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার গচ্ছিত রাখেন। জয়নব স্বর্ণালংকারগুলো বসতঘরের আলমারির ড্রয়ারে তালাবদ্ধ করে রাখেন।

বিয়ের দিন শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটক বেলাল আহমদ বাড়িতে প্রবেশ করে বর-কনে বাড়িতে আসছেন-এ কথা বলে গৃহকর্মীদের ঘর পরিষ্কার করতে বলেন এবং চা খেতে চান। গৃহকর্মীরা রান্নাঘর ও পাশের কক্ষে কাজে ব্যস্ত থাকার সুযোগে তিনি আলমারির তালা ভেঙে নগদ পাঁচ হাজার টাকা, একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের ব্রেসলেট ও স্বর্ণের কানের দুলসহ সাড়ে তিন ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও রফিক উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার রিমান্ড প্রার্থনার শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামি বেলাল আহমদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com