সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরুক আহমদের বাসায় হামলা

March 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে এক আমেরিকা প্রবাসীর বাসায় ভাড়াটিয়া সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পরিবারের ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৬ মার্চ সন্ধ্যায় শহরের কাজিরগাঁও এলাকায়। হামলার স্বীকার ভাড়াটিয়া মোঃ ফারুক আহমদ সরকারি কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তিতে আছেন বলে জানা গেছে। এর আগে তিনি মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। আমেরিকা প্রবাসীর বাসায় বসবাসরত ওই পরিবারকে উচ্ছেদের জন্য হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

মোঃ ফারুক আহমদের স্ত্রী কানিজ ফাতিমা (৪৫) অভিযোগ করেন, রোববার ৬ মার্চ সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহরের কাজিরগাঁও এলাকার আমেরিকার প্রবাসী আফিয়া বেগমের বাসার তত্বাবধাক হেলাল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় তাদের দুইপুত্র ইমাম মোহাম্মদ বোখারি (১৯) ও ইমাম আহমদ সাহাবি (১৭), গৃহকর্মী লিজা বেগম (১৭) ও শাহানা বেগম (৪৫) আহত হয়েছেন।

তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের ৩ তলার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বাসার তত্বাবধাক হেলাল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। হেলাল আহমদ বলেন, ‘দীর্ঘদিন থেকে তাদেরকে বাড়ি ছেড়ে দেবার নোটিশ করা হচ্ছে। কিন্তু তিনি প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বাড়িতে বসবাস করছেন। ৬ মাস থেকে উনার বাসা ভাড়াও প্রদান করছেন না বলে জানান।’

হেলাল আহমদের স্ত্রী সীমা বেগম বলেন, ‘বাড়ি মালিক দীর্ঘদিন থেকে প্রবাসে রয়েছেন। তিনি দেশে এসে ঐ বাড়িতে উঠতে চাইছেন। কিন্তু ভাড়াটিয়া বাড়ি না ছাড়ায় দেশে আসতে পারছেন না।’

সীমা বেগম আরো বলেন, ওই ভাড়াটিয়া বাসা নেয়ার পর থেকে প্রত্যেক মাসে নতুন নতুন অভিযোগ তৈরী করে তাদের হয়রানি করছেন। বাথরুমের কমোড কেন ছোট, দরজার চৌকাঠ থেকে কেন গুড়া বের হয়, প্রতিবেশী বাচ্চারা কেন হাল্লা চিৎকার করে। এসব আজব আজব অভিযোগ নিয়ে বাসা দখল করে আছেন। আবার বাসা ছেড়ে দিচ্ছেন না নোটিশ করা সত্ত্বেও। তাই আজ তারা বাধ্য হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময়ে ঐ মহিলা তাদের হুমকি প্রদান করেছিলেন রাতে তাদের দেখিয়ে দিবেন। আর এখন তারা উল্টো অভিযোগ তৈরী করেছেন।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা জানান, সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদের স্ত্রী কানিজ ফাতিমা ২০ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেছেন। বাসাটি কাজিরগাঁও এলাকার আমেরিকা  প্রবাসী র হারুন অর রশীদ এর মালিকানাধীন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com