বড়লেখায় তীব্র তাপদাহে নিসচা’র সুপেয় পানি বিতরণ

June 12, 2025,

আব্দুর রব : বড়লেখায় তীব্র তাপদাহে জর্জরিত পরিবহন শ্রমিক, পথচারি ও শ্রমজীবী মানুষের পাশে দাড়ালো জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। দেশে তীব্র তাপদাহের বিষয়টি মাথায় রেখে নিসচা’র প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে এই কর্মসূচি হাতে নিয়ে ১২ জুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বড়লেখা পৌরশহরে বিশুদ্ধ খাবার (শীতল) পানি ও স্যালাইন বিতরণ করেন নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দ। তিনিটি স্পটে কার্যক্রমটি পরিচালিত হয়েছে।

কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। এতে অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেবনাথ নিলু প্রমুখ।

ভোক্তভোগি রিকশাচালক সাজু মিয়া বলেন, সারা দিন রিকশা চালাই। অনেক সময় পানি কেনারও টাকা থাকে না। প্রচন্ড গরমের মধ্যে আজ হঠাৎ দেখি যুবকরা ঠান্ডা পানি ও স্যালাইন দিচ্ছে, এতে খুব উপকার হলো।

পথচারী হালিমা বেগম বলেন, জরুরি প্রয়োজনে মার্কেটে গিয়েছিলাম ফেরার পথে প্রচন্ড গরমে মাথা ঘুরছিল। এখান থেকে ঠান্ডা পানি নিয়েছি পাশাপাশি তারা আমাকে ওরাল স্যালাইনও দিয়েছে। এগুলো পান করে অনেকটা সুস্থ লাগছে।

সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন জানান, তীব্র তাপদাহে পুড়ছে দেশ, বাইরে রোদের তীব্র তাপে শ্রমজীবী মানুষদের জীবন দুর্বিষহ। এমন পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে আমাদের প্রত্যেকের উচিত যার যতটুকু সামর্থ আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। গরমে ঠান্ডা পানি ও স্যালাইনের সংকট মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। আমরা এই চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি।

স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিসচা সড়ক দুর্ঘটনারোধে প্রতিনিয়ত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। সামাজিক সংগঠনের এই মানবিক উপস্থিতি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com