শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার-জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম

আব্দুর রব : জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার। আমরা ইসলামের জন্য, দেশের স্বাধীনতার জন্য ও সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি। প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। ২০২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। পালাব না পালাবনা বললেও ছাত্র-জনতার আন্দোলনের মূখে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তাদের মতাদর্শ রেখে গেছে।
তিনি ৩১ আগস্ট রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান উপদেষ্ঠা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।
বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ রমিজুদ্দীনের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব। প্রধান বক্তার বক্তব্য দেন সহসভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।
কর্মী সম্মেলনে জমিয়ত মহাসচিব আরো বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্মে যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা না থাকে তাহলে এটি পরিপূর্ণ ধর্ম হতনা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নীতিমালা ও নির্দেশনা রয়েছে। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখান করি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মুফতি খায়রুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, প্রতিষ্ঠাকালিন সভাপতি মঈন উদ্দিন, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা উপজেলা যুব জমিয়তের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, বড়লেখা শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম প্রমুখ।



মন্তব্য করুন