বড়লেখার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ ও প্রতিমা তৈরির কারখানা পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর তিনি উপজেলার হাটবন্দ এলাকার শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপ ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং পাখিয়ালা এলাকার শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া পূজামণ্ডপ ও প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মণ্ডপগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল ও পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ, ব্যবসায়ী বিশ্বজিত দেব বিধানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার বড়লেখায় ১৪৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত। তন্মধ্যে ২০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সীমান্তঘেঁষা ২৪টি মণ্ডপে টহল দেবে বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীও মোতায়েন থাকবে।



মন্তব্য করুন