জুড়ীতে ৩ শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণের অভিযোগ

January 20, 2026,

আব্দুর রব : জুড়ীতে সরকারি চাকুরী বিধিমালা অমান্য করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত সংসদ সদস্যের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ ওঠেছে তিনজন শিক্ষকের বিরুদ্ধে। এদের দুইজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

সোমবার বিকেলে নির্বাচনের রিটার্নিং অফিসার ও মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন আব্দুর রহিম নামে জুড়ী উপজেলার একজন ভোটার। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে সহকারি রিটার্নিং অফিসার (জুড়ী ইউএনও), উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে।

সরকারি কর্মচারীদের যে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশগ্রহণ চাকুরিবিধি অনুযায়ি শাস্তিযোগ্য অপরাধ।

অভিযুক্ত শিক্ষকরা হলেন- জুড়ী মহাদেববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ ও হাজী সোনামিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ উদ্দিন।

লিখিত অভিযোগে আব্দুর রহিম জানান, মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের পক্ষে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে প্রচার-প্রচারনাসহ নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন প্রাইমারি প্রধান শিক্ষক আলতাফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আজিজ এবং মাধ্যমিকের সহকারী শিক্ষক আশরাফ উদ্দিন। যা স্পষ্টতই সরকারি চাকুরী বিধিমালা ও নির্বাচন কমিশন প্রণীত নির্বাচনী আচরণবিধির সম্পুর্ণ পরিপন্থী।

এব্যাপারে জানতে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেলের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করলে রিং বাজলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com