বড়লেখায় ১৩ বস্তা ভারতীয় জিরা জব্দ

আব্দুর রব : বড়লেখায় ভারতীয় অবৈধ পণ্য পাচারের কৌশল পাল্টেছে চোরাকারবারিরা। বিজিবির অভিযানে ট্রাকবাহী ভারতীয় অবৈধ জিরার চালান আটকের পর এবার কুরিয়ার সার্ভিসে দেশের বিভিন্ন স্থানে পণ্যপাচারে তৎপর রয়েছে তারা।
১৩ মে বুধবার বিকেলে বড়লেখা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাচারকালে ১৩ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে থানা পুলিশ। যার ওজন ৩৯০ কেজি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাচারকারিকে শনাক্ত করেছে পুলিশ।
জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে আনা জিরার চালান বড়লেখা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বড়লেখা অফিসে অভিযান চালায়। এসময় প্যাকড এন্ড মার্কেটেড বাই ভিজি এন্ড ব্রাদার্স, গোজরাট, ইন্ডিয়া লেখা স্টিকার সম্বলিত বিশেষ প্যাকেটে ভরা ১৩ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। বুকিং স্লিপে প্রেরকের স্থানে লেখা ছিল খান এন্টারপ্রাইজ বড়লেখা ও প্রাপকের ঠিকানা দেওয়া হয় এমডি আনিছ, বাবু বাজার ঢাকা।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ১৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মামলা দায়ের এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য করুন