পল্লী বিদ্যুত সমিতির ১ লাখ ৯৪ হাজার টাকার তারসহ ৪ চো/র গ্রে/ফতার

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় মেসার্স এম আলগমীর নামক পল্লী বিদ্যুতের একটি রক্ষণাবেক্ষণ কাজের প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজন আসামিকে গ্রেফতারসহ চোরাই তার উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী এলাকার শাহবাজপুর রোড সংলগ্ন ফয়েজ মেম্বারের ঘর ভাড়া নিয়ে পল্লী বিদ্যুতের লাইনের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা গুদাম ঘরের সামনে খোলা রাখা প্রায় ৪০০ মিটার পিডিবি ডক মার্লিন (আইটেম নং-ডি ২৭ মডেলের) বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৯৪ হাজার টাকা।
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর বড়লেখা থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানের দিকনির্দেশনায় এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর বিয়ানীবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই তার উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন বিয়ানীবাজার থানার কাচারীবাগ এলাকার রিপন আহমদের ছেলে রাফি (২০), দিনাজপুর জেলার বিরল থানার কাশিভাঙ্গা এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো: সোহেল রানা, একই থানার সিংগুল এলাকার জেনারুল ইসলামের ছেলে কামরুল হাসান মিলন এবং কুমিল্লা জেলার ভাঙ্গা থানার মুকলেছপুর এলাকার আনিছুর রহমানের ছেলে মো: জুয়েল আহমদ (২৮)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে ২০ সেপ্টেম্বর রোববার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন