চা-বাগানে নারী ও কিশোরীর কাছে মাসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিল গিভ বাংলাদেশ

September 26, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে চা-বাগানের নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সামাজিক কুসংস্কার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করেছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন।

শনিবার ২৬ সেপ্টেম্বর শ্রীমঙ্গলে ‘উঠোন (পরিয়ে দুই পা) ২.০’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি প্রশিক্ষকদের সম্মাননা ও সনদ দেওয়া হয়। পুষ্পা ফান্ড ও শেয়ারট্রিপের পৃষ্ঠপোষকতায় এবং আলোর দিশারী সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে ১০টি উঠোন বৈঠকের মাধ্যমে ১ হাজার ৫৮০ নারী ও কিশোরীর কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

আয়োজকরা জানান, কার্যক্রমের শুরুতে পরিচালিত বেসলাইন জরিপে অংশ নেওয়া নারী চা-শ্রমিকদের ৯৩ শতাংশ মাসিকের সময় অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতেন। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মাসিকজনিত সমস্যায় কর্মদিবস হারিয়ে আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হতো তাদের।

কার্যক্রমের আওতায় ১ হাজার ৫৮০ নারী চা-শ্রমিক, ১৭ জন পুরুষ কমিউনিটি সদস্য এবং কালিঘাট চা-বাগান উচ্চবিদ্যালয়ের ৫৮ জন ছাত্রী সচেতনতা ও সেবার আওতায় এসেছে।

সমাপনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননাহার পারভীন উপস্থিত ছিলেন। তারা স্থানীয় কমিউনিটি প্রশিক্ষকদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা মাসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও ওয়াস (পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা) সুবিধা নিয়ে কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে যৌথ অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com