শ্রীমঙ্গলে ৯০ কেজি ভারতীয় রসুন ও সিএনজি অটোরিকশাসহ দুইজন গ্রে/ফ/তা/র

September 27, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকার মোছাব্বির হোসেনের ছেলে আব্দুল মুহিত (২৮) ও নাঈম মিয়া (২৬)।

২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকায় আব্দুল মুহিতের বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টাকালে পুলিশ আব্দুল মুহিত ও নাঈম মিয়াকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে এর পেছনের যাত্রী বসার সিট থেকে তিনটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় থাকা ভারতীয় রসুন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০ কেজি রসুন পাওয়া যায়।

এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সবুজ রঙের টিবিএস কিঙ্গ সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত রসুনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে রসুন আনার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুল মুহিত ও নাঈম মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com