সমজোতা বৈঠকে ২০ টাকা মজুরী বৃদ্ধি ॥ চা শ্রমিকদের প্রত্যাখান

August 18, 2022,

ইমাদ উদ দীন॥ চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে আন্দোলন চলমান রয়েছে। ধর্মঘট নিরসনে শ্রমিক ও বাগান মালিকদের মধ্যে বৈঠক বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শ্রম অধিদপ্তর ঢাকা কার্যালয় অনুষ্ঠিত হয়। বৈঠকে চা শ্রমিকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন ১২ সদসের একটি দল। দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠক শেষে রাত ১১টার দিকে বাগান মালিক পক্ষ ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪০ টাকা মজুরী দেয়ার কথা জানান। তবে শ্রমিকরা মাত্র ২০ টাকা মজুরী বৃদ্ধি প্রত্যাখান করে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন।
মজুরী নিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা গণমাধ্যমকর্মীদের জানান তারা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধোগতির বিষয়টি বিবেচনায় এনে বৈঠকে মালিক পক্ষের কাছে ৩শ টাকা মজুরী দাবি করেন। মালিক পক্ষ মাত্র ২০ টাকা মুজুরী বৃদ্ধি ঘোষণা করেন। বৃদ্ধি করা মজুরী ২০ টাকায় তাদের সংসারে ব্যয় মিটানো কোন ভাবে সম্ভব না। তাই তিনি প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। চা শ্রমিক নেতৃবৃন্দ জানান দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। ধর্মঘট চলাকালে চা পাতা উত্তোলন ও ফ্যাক্টরিতে চা পাতা প্রক্রিয়াজাত করণের কাজসহ সবধরনের কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা। কাজ বন্ধ রাখায় ফ্যাক্টরিগুলোতে প্রক্রিয়াজাত করণের অপেক্ষায় থাকা কাঁচা চা পাতাগুলো যেমন পচে নষ্ট হচ্ছে। তেমনি বাগান থেকে সময়মতো চা পাতা উত্তোলন না করায় তাও প্রক্রিয়াজাতের অনুপযোগি হচ্ছে। এবছর ভর মৌসুমে শ্রমিকদের আন্দোলনের কারণে চা উত্তোলন ও প্রক্রিয়াজাত করণের কাজ বন্ধ রাখাসহ ক্রমবর্ধমান লোডশেডিংয়ে চা পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা চরমভাবে ব্যহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জানা যায় গেল কয়েকদিন থেকে প্রতিদিনই প্রায় ১৫-১৬ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে এশিল্পের সংশ্লিষ্টরা। তবে আন্দোলন অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির ওই পরিসংখ্যান আরও বাড়বে এমনটিই তথ্য দিচ্ছেন চা বাগান মালিক,স্টাফ কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে চলমান ধর্মঘট নিরসনে দ্বিতীয় দফা আন্দোলনরত চা শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে বাংলাদেশ শ্রম অধিদপ্তরে মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শ্রীমঙ্গলে বৈঠকে বসেন। ওই বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বুধবার বাংলাদেশ শ্রম অধিদপ্তরের ঢাকার কার্যালয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন চা বাগান মালিক পক্ষ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়া পৃথক ভাবে ২৩ আগষ্ট ঢাকায় মন্ত্রী ও সচিবের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।২য় বারেমতো ঢাকার ওই বৈঠকে মজুরী বৃদ্ধির দাবি আদায় না হওয়াতে মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ সারা দেশের ১৬৭টি চা বাগানে শ্রমিকরা ধর্মঘট পালন অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ৩শ টাকা মজুরীর দাবিতে ধর্মঘটে নামেন। এর পর ১৩ আগষ্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিক ধর্মঘট পালন করে। ১৪ ও ১৫ আগষ্ট ২ দিন স্থগিত থাকার পর ১৬ আগষ্ট থেকে পূর্ণদিবস ধর্মঘট পালন করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com