শ্রীমঙ্গলে লোকালয় থেকে পদ্মগোখরা সাপ ও অজগর উদ্ধার

October 7, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে চা বাগান থেকে পদ্মগোখরা এবং হাওরে মাছ ধরার জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার ৭ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে চা পাতা তোলার সময় একজন শ্রমিক সাপের শব্দ শুনতে পান। তখন তারা ভয় পেয়ে পাতা তোলার কাজ বন্ধ করে দিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। বিষয়টি চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে জানানো হলে তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে ওই স্থান থেকে একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেন।

এর আগে সকাল ৭টায় শ্রীমঙ্গল হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে থাকা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সাইদুল হক নামের স্থানীয় একজন জানান, রাতের কোন একসময় হাওরে পাতানো মাছ ধরার জালে আটকে পড়ে একটি অজগর সাপ।

ভোরবেলা জাল তোলার সময় জালে আটকে থাকা সাপ দেখে তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে সকাল ৭টার দিকে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এক ঘন্টা চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার করা অজগর ও পদ্মগোখরা সাপ শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com